Uncategorized

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার অবৈধ ভারতীয় চোরাচালান মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোরাচালান বিরোধী বিজিবি’র বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( ২৫ বিজিবি )।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চলাচল সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও বিস্কুট উদ্ধার করা হয়।

উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৯৩৬ কেজি ফুচকা এবং ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট। এসব পণ্য অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা।

জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যানটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। এ লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ