Uncategorized

পঞ্চগড়ে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি

মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে ১১টি সিলিং ফ্যান, একটি সাউন্ড সিস্টেম ও ‘সততা স্টোর’-এর জমানো টাকা চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (৩অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধাক্কামারা ইউনিয়নে এই চুরির ঘটনা ঘটে।

​রোববার সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে দেখতে পান অফিস কক্ষ এলোমেলো এবং ক্লাসরুমের ফ্যানগুলো হাওয়া। ঘটনার পর তীব্র গরমে ক্লাস করতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।

​বিদ্যালয় সূত্রে জানা যায়, চোরেরা ভবনের মূল কলাপসিবল গেটের তালা না ভেঙে বারান্দার গ্রিল বেয়ে দোতলায় ওঠে এবং ভেতরের তালা ভেঙে প্রবেশ করে। চুরির সময় বিদ্যালয়ের টেবিল ব্যবহার করায় তাতে জুতার স্পষ্ট ছাপ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে চোরদের ফেলে যাওয়া একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। তবে বিদ্যালয়ের কাঠের আলমারিতে থাকা ল্যাপটপ ও প্রজেক্টর অক্ষত রয়েছে।

​চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রমেন চন্দ্র রায়ের বাবা বলেন, সকালে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে এসে চুরির কথা শুনলাম। কোমলমতি শিশুদের ফ্যানগুলো এভাবে চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

​বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ জানান, প্রতিদিনের মতো সকালে এসে দেখি অফিস কক্ষের তালা ভাঙা এবং ভেতরটা এলোমেলো। অফিসে ৪টি এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির কক্ষে আরও ৭টি-মোট ১১টি ফ্যান চুরি হয়েছে। সাউন্ড সিস্টেম ও সততা স্টোরের কিছু টাকাও নিয়ে গেছে তারা। স্থানীয়দের বরাতে তিনি আরও বলেন, ইদানীং সন্ধ্যার পর বিদ্যালয় প্রাঙ্গণে বখাটে ও মাদকসেবীদের আড্ডা বাড়ছিল। তারাই এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করছি। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

​এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ