Uncategorized

জবির বাসে আসন দখল, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ, দরজা খুলবে ১৫ মিনিট আগে

জবি প্রতিবেদক, রাফীদ আদ দ্বীন রাঈম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন সেবায় শৃঙ্খলা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাসে আসন দখল, র‍্যাগিং ও ধূমপানসহ বিভিন্ন বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বাস ছাড়ার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব, বিআরটিসি ও ভাড়ায় চালিত বাসে শিক্ষার্থীদের নির্ধারিত আসন দখল করে রাখা, কম্বল, ব্যাগ, পানির বোতল বা ব্যক্তিগত জিনিসপত্র রেখে অন্য শিক্ষার্থীদের বসতে না দেওয়ার মতো ঘটনা ঘটছে। পাশাপাশি বাস কমিটির প্রভাব খাটানো, জুনিয়র-নবীন শিক্ষার্থীদের সিটে বসতে বাধা দেওয়া এবং তাদের ওপর মানসিক বা শারীরিক হয়রানির অভিযোগও পাওয়া যাচ্ছে।

নির্দেশনায় বাসের সিট দখল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো শিক্ষার্থী নিজের ব্যক্তিগত জিনিসপত্র রেখে বাসের সিট দখল করে রাখতে পারবেন না।

এ ছাড়া বাসে র‍্যাগিং ও হয়রানি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জুনিয়র বা নবীন শিক্ষার্থীদের সিটে বসতে বাধা দেওয়া, বাস কমিটির প্রভাব খাটানো কিংবা কোনো ধরনের মানসিক ও শারীরিক হয়রানিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। এসব ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরিবহনসেবার কোনো যানবাহনের ভেতরে ধূমপান করা এবং যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন বা সেবন কঠোরভাবে নিষিদ্ধ।

বাসের দরজা খোলার সময় নিয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। বাস ছাড়ার নির্ধারিত সময়ের ঠিক ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দিতে হবে।

চালক ও পরিবহন কর্মীদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে দরজা খুলে দেওয়ার পাশাপাশি বাস ছাড়ার সময় বাসে কোনো অবৈধ সিট দখল বা বিশৃঙ্খলা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা গেলে তা দ্রুত পরিবহন প্রশাসনকে অবহিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাকে সুশৃঙ্খল, শিক্ষার্থীবান্ধব ও র‍্যাগিংমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে প্রশাসন।

এই বিভাগের আরও সংবাদ