আন্তর্জাতিক

১৫ দিনে রিয়াদ বিমানবন্দরে ২০ বার হুতিদের হামলা, নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব হামলায় ১৭ জন নিহত এবং ৩৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে বিমানবন্দরটিতে হামলায় হতাহতের এসব ঘটনা ঘটে।

আল মালিকি বলেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

জোটের মুখপাত্র জানান, ইয়েমেনের রাজধানী সানার কাছাকাছি পাহাড়ি এলাকায় হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস করেছে জোটের বাহিনী।

তিনি আরও দাবি করেন, পাহাড়ি এলাকায় হুতিদের মোট ১২৭টি গুদাম ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

আল মালিকির অভিযোগ, আঞ্চলিক কয়েকটি পক্ষের সহায়তায় হুতিরা উন্নত প্রযুক্তি অর্জন করেছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দেননি।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলা এবং ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনায় জোটের অভিযানকে কেন্দ্র করে অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও সংবাদ