গাইবান্ধা

ফকিরহাটে একটি অ্যাম্বুলেন্সের অপেক্ষায় হাজারো প্রাণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭ নম্বর পবনাপুর ইউনিয়নের ফকিরহাট ও আশপাশের এলাকার মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্সের দাবি উঠেছে। অ্যাম্বুলেন্স না থাকায় জরুরি রোগী, প্রসূতি মা ও মুমূর্ষু ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া নিয়ে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।

ফকিরহাটের আশপাশের বেতকাপা, মনোহরপুর ও হরিনাথপুরসহ কয়েকটি ইউনিয়নের মানুষ এ এলাকার স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীল। বিশেষ করে রাতের বেলা জরুরি রোগী পরিবহনে উপযুক্ত যানবাহন পাওয়া কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফকিরহাট কলেজের প্রভাষক জহুরুল বিএসসি বলেন, “জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সের অভাবে রোগীদের হাসপাতালে নিতে ভোগান্তি হয়। দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা প্রয়োজন।”

৭ নম্বর পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব বলেন, “একটি অ্যাম্বুলেন্স মুমূর্ষু রোগীর সময়মতো চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি করতে পারে।”

ব্যবসায়ী হাফিজুর ও ফকিরহাটের মানুষের স্বাস্থ্যসেবার স্বার্থে অ্যাম্বুলেন্স বরাদ্দের দাবি জানিয়েছেন।

স্থানীয় সাংবাদিক কালবেলা প্রতিনিধি বাবুল ফকির জানান, এলাকায় সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলেজসহ প্রায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ, গাইবান্ধা জেলা প্রশাসন ও পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ফকিরহাট স্বাস্থ্যকেন্দ্রের জন্য দ্রুত একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হোক। এতে ফকিরহাটসহ আশপাশের ইউনিয়নের জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ তৈরি হবে এবং দুর্ভোগ কমবে।

এই বিভাগের আরও সংবাদ