নান্দাইলে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু


এইচএম সাইফুল্লাহ্, স্টাফ্ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইলে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্ত্রীর নাম ফিরোজা আক্তার (৫৫)। নিহত ফিরোজা আক্তার উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের আবু রায়হানের (৬০) স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী অসুস্থ হয়ে চলাচলে অক্ষম হওয়ায় স্ত্রীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। কয়েক মাস ধরে তারা পৃথক ঘরে বসবাস করছিলেন। পরে গত বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে বসে থাকা ফিরোজাকে ঘরে থাকা একটি দেশীয় অস্ত্র (বল্লম) দিয়ে একাধিকবার আঘাত করেন স্বামী আবু রায়হান। এসময় ফিরোজা মাটিতে লুটিয়ে পড়লে গুরুতর আহত অবস্থায় স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



