ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে বাবাকে মারধর, যুবকের এক বছরের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় বাবাকে মারধরের ঘটনায় ওলীউল্ল্যাহ (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ওলীউল্ল্যাহ ওই এলাকার মো. মোমিন মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ওলীউল্ল্যাহকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা আদায় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, “মাদকাসক্তি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরও সংবাদ