ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি নজরুল, সম্পাদক সারোয়ার


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির নতুন ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মো. নজরুল ইসলামকে সভাপতি এবং অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান (এলজিপি)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির হলরুমে এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এডহক কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
জানা যায়, ছয় মাস আগে ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির কার্যক্রম পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছিল। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শেখর রঞ্জন ভদ্র। কমিটির অপর দুই সদস্য ছিলেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ও অ্যাডভোকেট এ.এস.এম মেহেদী হাসান।
বুধবারের সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম, আইনজীবীদের পেশাগত স্বার্থ ও সমিতির সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম সভাপতি এবং অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান (এলজিপি) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নতুন নেতৃত্বকে ঘিরে ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। নবনির্বাচিত কমিটি আইনজীবীদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষার পাশাপাশি সমিতির শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



