ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুমোদনহীন ও আইনবহির্ভূতভাবে মৎস্য ও পশুখাদ্য বিক্রির অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আঠারবাড়ি রায়বাজারে অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—আঠারবাড়ি রায়বাজারের ভুসি মহলের দুলাল এন্টারপ্রাইজের আবুল হোসেন (৬০), বিসমিল্লাহ স্টোরের খাইরুল ইসলাম (২৫), হাওয়া স্টোরের জাহাঙ্গীর (৪৫), বিসমিল্লাহ স্টোরের মাইজুল (৪০) এবং মুন্সি এন্টারপ্রাইজের কামরুল হাসান (৩৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় অপরাধ সংঘটনের দায়ে তাদের এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য ও পশুখাদ্য বিক্রিতে আইন ও বিধিবিধান না মানলে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ