মুন্সীগঞ্জের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশে মিলল নবজাতক কন্যাশিশু


মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন সংলগ্ন এলাকা থেকে গভীর রাতে একটি নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা শিশুটিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্তব্যরত নার্স ও রোগীর স্বজনরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসাসেবা দেন।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের দ্বিতীয় তলার বারান্দা থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে কয়েকজন রোগীর স্বজন ও কর্তব্যরত নার্স দ্রুত নিচে নেমে যান। পরে হাসপাতাল চত্বরে ডাস্টবিন সংলগ্ন স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হয়।
কর্তব্যরত এক নার্স জানান, নবজাতকটির জন্ম হয়েছে অল্প কিছুক্ষণ আগে। তবে শিশুটির জন্ম গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়নি। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অন্য কোথাও জন্মের পর তাকে হাসপাতালে এনে ফেলে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া শিশুটি একটি কন্যাশিশু। উদ্ধারের সময় সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। বর্তমানে তাকে হাসপাতালের তত্ত্বাবধানে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আশিক বলেন, “ব্রাজিলের খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর আমি ওই স্থানে গিয়েছিলাম। তখন সেখানে কোনো শিশু ছিল না। কিছুক্ষণ পর শুনতে পাই, সেখানে একটি নবজাতককে ফেলে রেখে গেছে কে বা কারা।”
এ ঘটনায় হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এবং কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।



