শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে মো. শাহাদাত হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহাদাত হোসেন ওই এলাকার শামসুল হকের পালিত পুত্র। বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামের পাঠান বাড়ি সুপার মার্কেট সংলগ্ন সড়কে শাহাদাতের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সকালের দিকে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এঘটনায় ওই এলাকার ৩ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মত্তগ্রামের ওসমান গনির বাড়ির মসজিদে ফজর নামাজের সময় এক মুসল্লীর মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। ওই ফোন চুরির সন্দেহে শাহাদাতকে বেঁধে রাখে এলাকাবাসী। পরে বিক্ষোদ্ধ এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগেও শাহাদাত হোসেনের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে চুরির অভিযোগে এলাকায় শাহাদাতের বিরুদ্ধে মানববন্ধন করে ভুক্তভোগীরা। তবে এলাকার অনেকেই বলছেন, চুরির অভিযোগে এভাবে পিটিয়ে হত্যা করা উচিৎ নয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, চোর সন্দেন্দে গণপিটুনিতে এক যুবক মারা যায়। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। এঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



