খুলনার চাঞ্চল্যকর রফিক গাজী হত্যা মামলায় গ্রেপ্তার ২


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনার আলোচিত ট্রান্সপোর্ট ব্যবসায়ী রফিক গাজী হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
র্যাব জানায়, সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় খুলনার কথিত ‘আশিক গ্রুপ’-এর সক্রিয় সদস্য ও হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন মো. ইমন শরীফ (২৭) এবং মো. সজল খান (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমন শরীফ খুলনার লবণচরা থানার মতিয়াখালী এলাকার আবুল বাসারের ছেলে এবং সজল খান একই থানার চানমারী বাজার এলাকার মো. হারুণ অর রশিদের ছেলে।
র্যাব সূত্রে জানা যায় , নিহত রফিক গাজী (৪০) একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন। গত ১২ জুন সকাল প্রায় ১১টা ২০ মিনিটে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে লবণচরা থানার মাথাভাঙা এলাকার রায়পাড়ায় আতিকের চায়ের দোকানের সামনে পৌঁছালে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। পরে তারা পিস্তল দিয়ে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত রফিক গাজীকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।



