খালিশপুরে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনা মহানগরীর খালিশপুরে স্বল্পমূল্যে ও বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সোমবার সকালে নগরীর চিত্রালী বাজার এলাকার বিআইডিসি রোডে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।
খালিশপুর বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির আওতায় বিএনএসবি চক্ষু হাসপাতাল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে।
দিনব্যাপী ক্যাম্পে ১৬৪ জনকে সাধারণ চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এছাড়া পরীক্ষা-নিরীক্ষার পর ৪০ জনকে ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, শেখ শামসুর রহমান, আব্দুল লতিফ কাজী, লিটন খান, জাকির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম, চিত্রালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ফুল মিয়া, দুর্বার সংঘের সভাপতি মেহেদী হাসান, সুজন খালিশপুর থানা সম্পাদক খলিলুর রহমান সুমন, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#



