চট্টগ্রাম

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের প্রধান দুই সমস্যা জলাবদ্ধতা ও মশার উপদ্রব থেকে নগরবাসীকে স্বস্তি দিতে বিশেষ অগ্রাধিকার দিয়ে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ২০২৬-২৭ অর্থবছরের জন্য সর্বমোট ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার এই বাজেট পেশ করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক বাজেট অধিবেশনে তিনি এ বাজেট ঘোষণা করেন।

একই অনুষ্ঠানে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। যার চূড়ান্ত আকার দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ টাকা। বিদায়ী বছরের মূল বাজেট ছিল ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকা।

বাজেট বক্তৃতায় মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। তবে এই লক্ষ্য পূরণে চসিকের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। নাগরিক প্রত্যাশা শতভাগ পূরণ করতে হলে সিটি করপোরেশনের নিজস্ব আর্থিক সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। আর সে কারণেই এবার চসিককে আর্থিকভাবে স্বাবলম্বী করতে রাজস্ব আদায়ের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এবারের বাজেটে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব খাত থেকে সর্বোচ্চ আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মোট বাজেটের মধ্যে চসিক নিজস্ব উৎস থেকে ১ হাজার ১৯৭ কোটি ৬২ লাখ টাকা আয় করার পরিকল্পনা করেছে। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স বা গৃহকর খাত থেকেই আসবে ৮১১ কোটি ৯০ লাখ টাকা। অন্যদিকে সরকারি তহবিল থেকে উন্নয়ন অনুদান খাতে পাওয়ার আশা করা হচ্ছে ৯৭৫ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে মোট উন্নয়ন খাতে ১ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চসিকের ৬টি বড় প্রকল্পসহ রাস্তাঘাট নির্মাণ ও বিভিন্ন স্থাপনা সংস্কার কাজে ব্যয় হবে। এছাড়া পরিচালন ও রক্ষণাবেক্ষণ খাতে ৮২৭ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ খরচ হবে ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা। পাশাপাশি চসিকের বকেয়া দেনা পরিশোধের জন্য রাখা হয়েছে ১৮৪ কোটি টাকা।

নগরীর সবচেয়ে আলোচিত সমস্যা জলাবদ্ধতা নিরসনে এবার বিশেষ গুরুত্ব দিয়ে ১১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা বিগত অর্থবছরের খরচের তুলনায় প্রায় দ্বিগুণ। একই সাথে মশার উপদ্রব কমাতে মশকনিধন খাতে বরাদ্দ ব্যাপক বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হয়েছে। এই খাতে গত বছর চসিক এই খাতে খরচ করেছিল মাত্র ৫ কোটি ৩৮ লাখ টাকা।

বাজেট অধিবেশনে মেয়রের পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন- চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী।

এই বিভাগের আরও সংবাদ