ঝিনাইদহ

ঝিনাইদহে বারি জিরা চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভিটশ্বর গ্রামে জিরা মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষিবান্ধব ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভিটশ্বর ফুটবল মাঠে এ আয়োজন করা হয়।

২০২৫-২৬ অর্থবছরের প্রদর্শনীভুক্ত এই মাঠ দিবসের আয়োজন করে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

​এবারের প্রদর্শনীতে কৃষকদের মাঝে অন্যতম আকর্ষণ ছিল উচ্চ ফলনশীল মসলা জাতীয় ফসল ‘বারি জিরা-১’। উন্নত জাতের এই জিরা চাষের ফলন ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে স্থানীয় চাষিদের উদ্বুদ্ধ করতেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত কৃষি কর্মকর্তা নুর এ নবী জানান, দেশের মাটিতে উন্নত জাতের মসলা উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সঠিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে ঝিনাইদহের মাটিতেও জিরার বাম্পার ফলন ফলানো সম্ভব, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসুর সভাপতিত্বে ​মাঠ দিবসে এলাকার ১৫০ জন কৃষক উপস্থিত হয়ে বারি জিরা-১ এর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং এই লাভজনক ফসল চাষে গভীর আগ্রহ প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ