কালীগঞ্জের রাজনীতিতে শূন্যতা, না ফেরার দেশে সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন


নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন (৫৮) আর নেই। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকায় স্ট্রোকে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় রাজনৈতিক সহকর্মী বাহারুল ইসলাম কাজলের বাসায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।মঙ্গলবার বাদ জোহর কালীগঞ্জ সরকারি ভূষণ স্কুল ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং নিজ গ্রাম খামারমুন্দিয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ইসরাইল হোসেন জীবন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর জানাজায় স্থানীয় সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।ব্যক্তিজীবনে অবিবাহিত জীবন মৃত্যুকালে দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপি দুই দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।



