মুন্সিগঞ্জ

ঘরে ঢুকে নারী ও শিশুকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা, বিচার ও নিরাপত্তা চায় পরিবার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরের উত্তর কোটগাঁও এলাকায় বসতবাড়িতে ঢুকে এক কাপড় ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। রবিবার দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয়। ঘটনার পর পরিবারটি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার ও নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

এর আগে রবিবার সকাল পৌনে ১১টার দিকে উত্তর কোটগাঁও এলাকায় কাপড় ব্যবসায়ী জনি ইসলামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, একই এলাকার শান্ত খন্দকার (২৩) ঘরে ঢুকে জনি ইসলামের স্ত্রী রিতা মনি ইসলামকে (৩০) গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং তাঁদের মেয়ে স্কুলশিক্ষার্থী জান্নাতুল ইসলাম হৃদিকে (১১) পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেন।

মামলার বাদী ও আহত রিতা মনির স্বামী জনি ইসলাম (৪০) অভিযোগ করেন, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত শান্ত খন্দকার (২৬), কলসুম বেগম (৪৮), ফাহিমা আক্তার (২৮) ও অজ্ঞাতনামা আরও কয়েকজন তাঁদের বাড়িতে প্রবেশ করেন। তাঁর দাবি, শান্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রীর গলায় আঘাত করেন। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে জেগে ওঠা মেয়ে জান্নাতুল ইসলাম হৃদিকে পেটে আঘাত করা হয়। স্ত্রী ও সন্তানকে রক্ষা করতে গেলে তিনিও আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং নগদ অর্থ নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় রবিবার রাতে শান্তসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। প্রধান অভিযুক্ত শান্তকে ঘটনার দিন স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও অন্য আসামিরা এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছেন বলে অভিযোগ পরিবারের।

মামলার পরও পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে।

জনি ইসলাম বলেন, আমার স্ত্রীর গলায় ২৭টি সেলাই লেগেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। এখনো স্বাভাবিকভাবে কথা বলতে বা নড়াচড়া করতে পারছে না। আমার মেয়ের অবস্থাও ভালো নয়। আমরা চাই দ্রুত অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হোক এবং এমন বিচার হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

অন্যদিকে, ছেলের এমন কর্মকাণ্ডের জন্য বিচার দাবি করেছেন শান্ত খন্দকারের বাবাও।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এই বিভাগের আরও সংবাদ