আগামী মাসে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী


আগামী জুলাই মাসে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার। এছাড়া সারাদেশে ‘মিডডে মিল চালু করা ও পাঠদানকে আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে কাজ করছে সরকার।’
আজ মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক -মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের (এক্সট্রা কারিকুলাম) দিকে গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে-সামনে পরীক্ষার ফলাফল হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এই ডিসেম্বরে স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘আগামীর বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে হবে। এজন্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রদান করা হয়েছে।
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। এসময় শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মো: আব্দুর রহিম,অতি. মহাপরিচালক মো: আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ ‘ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজন করে। প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত পর্যায়ক্রমে এ প্রতিযোগিতায় প্রায় ২ কোটি ১৮ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে(এক শিক্ষার্থী একাধিক বিষয়ে অংশ নিয়েছে)। জাতীয় পর্যায়ে আসা ৪০০ জন শিক্ষার্থী অংশ নেবে। শিশুদের দক্ষ ও মানবিক করে গড়তে এ প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে।



