খুলনা

খুলনায় প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

খুলনা ব্যুরো : খুলনা নগরীতে প্রকাশ্যে গুলি করে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা নগরীর লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলামের বাড়ি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ‘ঢাকাইয়া রফিক’ নামেও তিনি পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাজীপাড়া বাজারে বসে থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে এসে হেলমেট পরা এক ব্যক্তি রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বটিয়াঘাটা জলমা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আসাবুর রহমান হাওলাদার বলেন, রফিকুল ইসলাম বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাঁর ফেসবুক পরিচয়েও একই তথ্য উল্লেখ রয়েছে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ঘটনার পর পরই ঘটনাস্থলে যাই, দোকানপাট বন্ধ ছিলো, কেউ সাক্ষী দিতে চাচ্ছে না। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই বিভাগের আরও সংবাদ