খুলনা

খুলনার রুপসায় দোকানে বসে থাকা বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো : খুলনা জেলার রূপসায় দোকানে বসে থাকা মোঃ জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই বিভাগের আরও সংবাদ