খুলনা

সোনাডাঙ্গা ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা ; প্রধান আসামি রফিকুলের খোঁজে দেশজুড়ে অভিযান

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনার সোনাডাঙ্গা দারুল আমান মহল্লার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় প্রধান আসামি ট্রাকচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা মামলা (নং-২৯) দায়ের করা হয়েছে। নিহত দুই শিশুর বাবা মাসুম বেপারী বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ এবং ফাতেমা বেগম (মেরী)-এর প্রথম পক্ষের সন্তানদের মেনে না নেওয়ার জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। লাশ উদ্ধারের পর থেকেই রফিকুল পলাতক রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী তিনি ঘনঘন অবস্থান পরিবর্তন করছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম একযোগে অভিযান চালাচ্ছে।

মামলার তদন্তভার একজন অভিজ্ঞ পরিদর্শকের ওপর ন্যস্ত করা হয়েছে এবং দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।
ময়নাতদন্তকারী চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, লাশ উদ্ধারের অন্তত ২৪ থেকে ৩৬ ঘণ্টা আগে, অর্থাৎ ২৮ বা ২৯ মে’র মধ্যে নিহতদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এদিকে নিহত দুই শিশুর মা ফাতেমা বেগম মেরীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সময় তার অবস্থান এবং আসামিকে পালাতে কোনো সহায়তা করা হয়েছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের সাইবার ক্রাইম ইউনিট রফিকুল ইসলামের মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) ও সর্বশেষ টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে তার গতিবিধি অনুসরণ করছে। ট্রাকচালক হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় দ্রুত চলাচল ও আত্মগোপনের সক্ষমতা থাকায় খুলনাসহ আশপাশের জেলার বাস টার্মিনাল, রেলস্টেশন ও সম্ভাব্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য সব রুটে তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

এই বিভাগের আরও সংবাদ