খুলনায় একই পরিবারের ৩ মরদেহ উদ্ধার ; নানির বুকে নিথর দুই নাতি


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ মে শনিবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার তমিজ উদ্দিন সড়কের দারুস আমান মহল্লায় শরিফুল ইসলামের ভাড়া বাসায় উক্ত ঘটনা ঘটে।
নিহতরা হলো — বেবি (৫৫), মুস্তাকিম (৪), শামিম (১৩)।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম উক্ত ঘটনা তরঙ্গ নিউজকে নিশ্চিত করেছেন।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ, ডিবি এবং সিআইডির বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে ক্রাইম সিন থেকে আলামত নিয়েছে।
উল্লেখ্য, চার বছর পূর্বে ফাতেমা বেগমের প্রথম স্বামী মাসুম বেপারী (৪৫)। তিনি নগরীর লবণচরা থানার কৃষ্ণনগর গ্রামের কাশেম বেপারীর ছেলে। মাসুম বেপারীর সাথে ফাতেমা বেগমের ডিভোর্স হয়। মাসুম ব্যাপারীর সাথে ফাতেমার ডিভোর্সের পর তাদের সন্তান শামীম এবং মুস্তাকিম তার মা ফাতেমা বেগমের সাথে বসবাস করতে থাকেন। এর ভিতরে আন্তঃজেলা ট্রাক ড্রাইভার রফিকুলের সাথে বিয়ে হলে সেও প্রায় ফাতেমা বেগমের মায়ের বাসায় এসে থাকতো।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার দারুল আমান মহল্লায় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তিনটি মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে দুটি শিশু মুস্তাকিম(৪) ও শামিম (১৩) এবং তাদের নানি বেবী বেগম-এর মরদেহ রয়েছে। এ ঘটনায় নিহত শিশুসন্তান দুটির মা ফাতেমা বেগম( ৩৫) কে হেফাজতে নেয়া হয়েছে। তার দেওয়া তথ্যমতে তার দ্বিতীয় স্বামী রফিকুল-এর সাথে জড়িত। এ ঘটনায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। রফিকুল খুলনা নগরীর মহেশ্বরপাশা এলাকার আলমগীর হোসেনের ছেলে।
কেএমপি কমিশনার আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারের জন্য কেএমপি’র বিভিন্ন টীম কাজ করছে।



