খুলনা

কেএমপি পুলিশ লাইন্সে ক্ষুদে মেহমানদের সাথে কেএমপি কমিশনার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৮ মে বৃহস্পতিবার কেএমপি পুলিশ লাইন্সে আয়োজন করা হয় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ প্রীতিভোজের। আনন্দঘন এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার সাথে ঈদের শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করে নেন কেএমপি’র সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা ।
তবে এ আয়োজনের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত হয়ে ওঠে আমন্ত্রিত সুবিধাবঞ্চিত ও পথশিশুদের উপস্থিতি। সিইউসি স্কুলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত ক্ষুদে শিক্ষার্থীদের ঈদের আনন্দে সামিল করতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় আজকের এ প্রীতিভোজে।

কমিশনার মহোদয় পরম স্নেহ, মমতা ও পিতৃতুল্য আন্তরিকতায় নিজ হাতে শিশুদের প্লেটে খাবার তুলে দেন। তাঁর এই মানবিক স্পর্শে শিশুগুলোর মুখে ফুটে ওঠে নির্মল হাসি, চোখে ঝলমল করে আনন্দের দীপ্তি। কেএমপি কমিশনারের সান্নিধ্যে প্রীতিভোজে অংশ নিতে পেরে তারা হয়ে ওঠে আবেগাপ্লুত ও আনন্দে আত্মহারা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ ও উৎসবের বার্তা দেয়। সাধারণ মানুষ যখন পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছেন, তখন আমাদের পুলিশ সদস্যরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনাদের এই ত্যাগ ও কর্তব্যনিষ্ঠা অত্যন্ত প্রশংসনীয়। ”

তিনি আরও বলেন, উৎসবের দিনেও মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা যাতে একা বা পরিবারহীন বোধ না করেন, সেজন্যই এই যৌথ প্রীতিভোজের আয়োজন। তিনি সকলকে পেশাদারিত্বর সাথে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের মনোবল চাঙ্গা ও সতেজ রাখার আহবান জানান!

মানবিকতা, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকা এই আয়োজন ঈদের আনন্দকে শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি; বরংহ সমাজের অবহেলিত শিশুদের হৃদয়েও ছড়িয়ে দিয়েছে আপন হয়ে থাকার উষ্ণতা ও ভালোবাসার বার্তা।

এই বিভাগের আরও সংবাদ