মুন্সীগঞ্জে ব্জ্রপাতে শ্রমিক নিহত


মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে শাহ সিমেন্টের জাহাজে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেছে এক শ্রমিকের। সোমবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত হাসান খান (৩৫) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ কলাগাছিয়া এলাকার মালেক খানের পুত্র।
প্রত্যক্ষদর্শীদের তথ্য সুত্রে জানা যায়, দুপুরে তীব্র বৃষ্টির সময় শাহ সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা ফ্যাক্টরির পাশে নদীতে নোঙর করা জাহাজ থেকে মালামাল খালাসের কাজ করছিলো। আকস্মিক বজ্রপাতে হাসান গুরুতর আহত হয়। এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে, জরুরি বিভাগের চিকিৎসক পর্যবেক্ষণ শেষে ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসএম ফেরদৌস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।



