খুলনা

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ; খুলনা পিবিআই কর্তৃক প্রতারক গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ঢাকায় জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে এক কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২৪ মে রবিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সুনীল চন্দ্র সাহা (৬০)। তিনি ঢাকার পল্লবী এলাকার বাসিন্দা। রোববার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা মো. ইনছান ফারাজীর সঙ্গে প্রায় নয় বছর আগে সুনীল চন্দ্র সাহার পরিচয় হয়। সেই সূত্রে তাঁদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের শুরুতে সুনীল চন্দ্র সাহা ও তাঁর সহযোগীরা ইনছান ফারাজীকে জানান, ঢাকার পল্লবী থানার দ্বিগুণ মৌজায় তাঁদের এক একর জমি বিক্রি করা হবে। প্রতি শতক জমির দাম নির্ধারণ করা হয় পাঁচ লাখ টাকা।

পরবর্তীতে জমির মোট মূল্য পাঁচ কোটি টাকা নির্ধারণ করে প্রথম কিস্তিতে এক কোটি ২০ লাখ টাকা পরিশোধের শর্ত দেওয়া হয়। বাকি টাকা এক বছরের মধ্যে পরিশোধ করলে জমি রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দেন তাঁরা।

অভিযোগ রয়েছে, পরিচয়ের সুবাদে বিশ্বাস করে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নগদ এক কোটি ২০ লাখ টাকা দেন ইনছান ফারাজী। টাকা গ্রহণের সময় একটি বায়না চুক্তিপত্র সম্পাদন করা হয় এবং বিশ্বাস স্থাপনের জন্য একটি চেকও দেওয়া হয়।
তবে নির্ধারিত সময় পার হওয়ার পর জমি রেজিস্ট্রি করে দিতে টালবাহানা শুরু করেন অভিযুক্তরা। সর্বশেষ গত ২০ এপ্রিল খুলনা শপিং কমপ্লেক্সের সামনে ইনছান ফারাজীকে জমি লিখে না দেওয়ার কথা জানিয়ে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ৪ মে খুলনা সদর থানায় দয়াল চন্দ্র সরকার, সুনীল চন্দ্র সাহা ও মো. বাদশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়।

মামলাটি তদন্তে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সুনীল চন্দ্র সাহার অবস্থান শনাক্ত করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে টাকা গ্রহণ করে আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।
২৫ মে সোমবার তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ