সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার


সুমন, স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার (২২ মে) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা’র লেঃ শেখ সাদমান বিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকার জেলেরা মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনের গহিনে প্রবেশ করলে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল সংলগ্ন এলাকা থেকে তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় জিম্মিকৃত জেলেদের নিয়ে দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা কয়রা থানাধীন আন্দারমানিকের টোটা, কেওড়াতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার(২১মে) ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি করে দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনীর কাছে জিম্মি থাকা ১০ জন জেলেকে উদ্ধার করা হয়। অপরদিকে কোস্ট গার্ড ও র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর বড় দুদমুখ খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে একইদিন বিকেল ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা আভিযানিক দলকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে। অতঃপর আভিযানিক দল আত্মরক্ষার নিমিত্তে পালটা গুলি চালালে ডাকাতরা বনের গহিনে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ডাকাতদের কাছে জিম্মি থাকা ১১ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।



