বাগেরহাট

বাগেরহাটে বিনামূল্যে চক্ষু ও ইএনটি ক্যাম্প, সেবা পেলেন ৬ শতাধিক রোগী

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: অর্থের অভাবে যেন কাউকে চোখের আলো কিংবা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে না হয় এমন মানবিক প্রত্যয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু ও নাক-কান-গলা (ইএনটি) চিকিৎসা ক্যাম্প। দিনব্যাপী এ আয়োজনে ছয় শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাছাই করা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) দরগাহ মাঠসংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন ও বেশরগাতী লতিফ মাস্টার ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসাসেবা নিতে আসেন নারী-পুরুষসহ নানা বয়সী রোগী।

দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক শেখ এম এ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. এস এম জামালুর রহমান, ফাইজারের সাবেক নির্বাহী ফার্মাকোলজিস্ট শেখ আবদুল আলীম এবং অবসরপ্রাপ্ত মেজর জিহাদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সৈয়দ নাসির আহমেদ মালেক, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু শাহমা, লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. উলিউল্লাহ, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সরদার নাসির উদ্দিন, রনি, বেগ শামীম এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক সাংবাদিক রুহুল আমিন বাবু ও সালমান হোসেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে আগত রোগীদের চক্ষু ও নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর যেসব রোগীর অস্ত্রোপচার প্রয়োজন, তাদের মধ্য থেকে বাছাই করে পরবর্তী সময়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

আয়োজকরা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ কেবল আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে চোখের চিকিৎসায় অবহেলা ও দীর্ঘসূত্রতা অনেকের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা হবে।##

এই বিভাগের আরও সংবাদ