সুন্দরবনে শিকারীর ফাঁদে আটকে থাকা হরিণ উদ্ধার: চিকিৎসা শেষে বনে অবমুক্ত


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে চোরা শিকারীর ফাঁদে আটকে থাকা আহত চিত্রা হরিণ উদ্ধার করে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করেছে কোস্ট গার্ড। সোমবার( ০৯ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের মোংলা পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে শিকারিরা ফাঁদ পেতে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার ০৯ নভেম্বর দুপুরে কোস্ট গার্ড স্টেশন হাড়বাড়িয়া কর্তৃক ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বিকাল ৩ টায় নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়।



