খুলনা

ঈদযাত্রা ও পশুর হাট নিরাপদ রাখতে খুলনায় পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীতে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট, ঈদযাত্রা ও নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বুধবার (২০ মে) দুপুরে কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

সভায় খুলনা জেলা পুলিশ সুপারসহ খুলনায় কর্মরত পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন। এর মধ্যে নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, সিআইডি, পিবিআই, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে কেএমপি কমিশনার বলেন, “এই শহর আমাদের সবার। শহর ও রাষ্ট্রকে সুন্দর ও নিরাপদ রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে নৌপথে কুরবানির পশু পরিবহন নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ ও খুলনা জেলা পুলিশকে, সড়কপথে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশকে, রেলস্টেশনগুলোর নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে এবং বিভিন্ন টার্মিনাল ও পশুর হাটের নিরাপত্তায় এপিবিএনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

সভায় জানানো হয়, সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদককারবারিদের বিরুদ্ধে খুলনা মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এছাড়া কুরবানির পশু ক্রয়-বিক্রয়, পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও কাঁচা চামড়া পরিবহনকারী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন ইউনিট প্রধান ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন। পাশাপাশি খুলনা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও সংবাদ