খুমেক হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড


খুলনা ব্যুরো : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২০ মে বুধবার ভোর ৬ টার দিকে হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে উক্ত অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ১ ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত হয়েছে ৩ জন নার্স।
ইমারজেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারি অধ্যাপক ডক্টর দিলীপ কুমার বলেন, সকাল ৫টা ৫০ মিনিটে ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশে পোষ্ট অপারেটিভ রুম এবং পাশের স্টোর রুমের কোন একটিতে শর্টসার্কিট হয়ে থাকতে পারে। এতে এসির আউটডোর এবং পরে অক্সিজেন আউটডোরে আগুন লেগে যায়। অক্সিজেন আউটডোরের মুখে আগুন লাগার কারণে হয়তো দরজা বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওটি তে থাকা দুইজন নার্স ও একজন ডক্টর আগুন চলাকালীন সময় জালানা দিয়ে লাফ দিয়েছে। তিনজনই চিকিৎসাধীন রয়েছেন। তবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। ওটি বিভাগে ১৫ টা সিট ১৫ টায় রোগী ছিল। আগুন লাগার পরপরই রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী আইনুল ইসলাম বলেন, ঠিক কি কারণে আগুন লেগেছে এখনও জানা যায়নি।



