সমুদ্রসীমায় মানবিক সহায়তাবাহী নৌবহরে ইসরায়েলের হামলা, ৪০ নৌযান জব্দ


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ’ বহরের ওপর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সমুদ্রসীমায় চালানো ওই অভিযানে অর্ধশতাধিক নৌযানের মধ্যে ৪০টিরও বেশি জব্দ করা হয়েছে এবং প্রায় ৩০০ কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, গাজামুখী ‘গ্লোবাল সুমুদ’ বহরে অংশ নেয়া ৫৪টি নৌযানের মধ্যে ৪০টির বেশি জব্দ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (১৯ মে) ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সংবাদ ওয়েবসাইট ওয়াল্লা এক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৩০০ কর্মীকেও আটক করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি নৌবাহিনী এখনও বহরের সব নৌযান আটক করতে পারেনি। কয়েকটি নৌকা এখনও উন্মুক্ত সমুদ্রে রয়েছে।
এর আগে গতকাল সোমবার (১৮ মে) আন্তর্জাতিক সমুদ্রসীমায় মানবিক সহায়তাবাহী এই বহরে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার সৃষ্টি হয়। ৫৪টি নৌযান নিয়ে বহরটি গত বৃহস্পতিবার তুরস্কের মারমারিস থেকে যাত্রা শুরু করেছিল।
২০০৭ সাল থেকে ইসরায়েলি বাহিনী গাজা অবরোধ করে রেখেছে। ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর আরোপিত ইসরায়েলের এই অবরোধ ভাঙার নতুন প্রচেষ্টার অংশ হিসেবে ‘গ্লোবাল সুমুদ’ বহরের এই যাত্রা শুরু হয়।
অবশ্য এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। গত এপ্রিলের শেষ দিকে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক সমুদ্রসীমায়ও এই বহরের নৌযানগুলোতে হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। সেই বহরে ৩৯টি দেশের ৩৪৫ জন অংশগ্রহণকারী ছিলেন। তখন ইসরায়েলি বাহিনী ২১টি নৌযান জব্দ করে এবং প্রায় ১৭৫ কর্মীকে আটক করে।
বাকি নৌযানগুলো গ্রিসের সমুদ্রসীমার দিকে এগিয়ে যায়। পরে ইসরায়েলি বাহিনী আটক কর্মীদের আন্তর্জাতিক সমুদ্রসীমায় ছেড়ে দেয়। তবে স্পেন ও ব্রাজিলের দুই কর্মীকে ইসরায়েলের আটককেন্দ্রে নেয়া হয় এবং পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
বর্তমানে গাজায় প্রায় ২৪ লাখ ফিলিস্তিনি ভয়াবহ মানবিক সংকটের মধ্যে বসবাস করছেন। এর মধ্যে প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত। দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ৭২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
এ ছাড়া গাজায় তীব্র দুর্ভিক্ষ পরিস্থিতিও তৈরি হয়েছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইসরায়েল এখনও মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ বজায় রেখেছে এবং প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৮৭৭ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৬০২ জন আহত হয়েছেন।



