নওগাঁ

পোরশা উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: “জনবান্ধব অটোম্যাটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকালে পোরশা উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত চলমান এ মেলাকে ঘিরে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য প্রদান করা হয়। পাশাপাশি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে ভূমি বিষয়ক নানা প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগীরা তাদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমবে এবং ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব হবে। নতুন প্রজন্মের মাঝে ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সরকারের ডিজিটাল সেবা কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা বলেন।

মেলা চলাকালীন প্রতিদিন সারাদিনব্যাপী গণশুনানির আয়োজন করা হবে, যেখানে সাধারণ মানুষ সরাসরি ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ উপস্থাপনের সুযোগ পাবেন। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, ভূমি সেবা সহায়তা কেন্দ্র এবং সাব-রেজিস্ট্রি অফিসের নিয়মিত সেবা কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

ডিজিটাল ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এই বিভাগের আরও সংবাদ