ট্রাম্প-নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠাতে’ পুরস্কার ঘোষণার কথা ভাবছে ইরান


ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য ৫ কোটি ইউরো পুরস্কার ঘোষণা সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনা চলছে ইরানের পার্লামেন্টে। এমন দাবিই উঠে এসেছে একাধিক প্রতিবেদনে। বলা হচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেয়া হচ্ছে। বিষয়টি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য প্রায় ৫ কোটি ইউরো বা ৫ কোটি ৮২ লাখ ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণার পরিকল্পনা নিয়ে ইরানে আলোচনা চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ইরান ওয়্যার ও দ্য টেলিগ্রাফ ইউকের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ’ শীর্ষক একটি বিল প্রস্তুত করা হচ্ছে বলে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন।
এই বিলের মাধ্যমে ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যা করতে পারবে— এমন ব্যক্তি বা গোষ্ঠীকে ৫ কোটি ইউরো পুরস্কার দেয়ার বিষয়টি আনুষ্ঠানিক রূপ দেয়ার পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার ঘটনার জেরে ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা সংক্রান্ত বিলে ইরানের পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।
এদিকে ইরান ওয়্যারের বরাতে বলা হয়েছে, ইব্রাহিম আজিজি দাবি করেছেন, খামেনিকে হত্যায় ভূমিকার অভিযোগে ট্রাম্প, নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থা’ নেয়া উচিত।
জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাবাভিয়ানও জানিয়েছেন, ‘যে ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে’ তার জন্য পুরস্কার নির্ধারণের বিষয়ে শিগগিরই পার্লামেন্টে ভোট হবে।
এদিকে এই পুরস্কার ঘোষণার পরিকল্পনার খবর এমন সময়ে সামনে এলো, যখন কয়েক দিন আগে সরকারপন্থি গণমাধ্যম মাসাফ দাবি করেছিল, ‘কিল ট্রাম্প’ নামে একটি অভিযানের জন্য ইরানের সরকার ৫ কোটি ডলারের অর্থ জোগাড় করেছে।
এর আগে ইরানের রাষ্ট্র-সমর্থিত সাইবার যুদ্ধ গ্রুপ ‘হানদালা’ও এক বিবৃতিতে জানিয়েছিল যে ‘নিপীড়ন ও দুর্নীতির প্রধান স্থপতি’ হিসেবে ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘নির্মূল’ করতে তারা ৫ কোটি ডলার বরাদ্দ করেছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ হানদালার সদস্যদের ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করার পর এই ঘোষণা আসে। হ্যাকিং গ্রুপটি দাবি করে, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ‘বাস্তব পদক্ষেপ’ নেবে এমন ব্যক্তি বা গোষ্ঠীকে এই অর্থ দেয়া হবে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই প্রস্তাবিত পুরস্কার বিল আগের ধর্মীয় ফতোয়া বা প্রচারণাভিত্তিক হত্যার আহ্বানের চেয়ে অনেক বড় মাত্রার উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতিকেও হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত বছর ট্রাম্প বলেছিলেন, তেহরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত কঠোর নির্দেশ’ দেবে এবং ‘পৃথিবীর মানচিত্র থেকে তাদের মুছে ফেলবে’।
এদিকে এই পুরস্কার পরিকল্পনার মধ্যেই ইরান আবারও যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে। তবে ওয়াশিংটনের দাবি, আগের অবস্থানের তুলনায় তেহরানের নতুন প্রস্তাবে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা খুব বেশি অগ্রগতি দেখছি না। পরিস্থিতি এখন অত্যন্ত গুরুতর অবস্থায় রয়েছে। সঠিকভাবে সাড়া দেয়ার চাপ এখন তাদের (ইরানের) ওপর।’



