আন্তর্জাতিক

মায়ের ফোনে ছেলে নিখোঁজের খবর, ২ ঘণ্টা পর গাড়িতে মিলল ২ কিশোরের মরদেহ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর বৃহত্তম মসজিদ ‘ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো’-তে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নিরাপত্তা প্রহরী ছিলেন, যার সাহসী পদক্ষেপে আরও অনেকের প্রাণ রক্ষা পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর নিউইয়র্ক টাইমসের।

স্থানীয় সময় সোমবার (১৮ মে) সকাল ৯টা ৪২ মিনিটে এক মা পুলিশকে ফোন করে জানান, তার ১৭ বছর বয়সী ছেলে নিখোঁজ। একই সঙ্গে বাড়ি থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র ও একটি গাড়িও উধাও। পুলিশ দ্রুত তল্লাশি শুরু করলেও দুই কিশোরকে খুঁজে পায়নি।

দুপুরের আগে সান ডিয়েগোর বৃহত্তম মসজিদটিতে গুলির খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রবেশদ্বারের কাছে তিনটি মরদেহ দেখতে পায়। মসজিদে একটি স্কুলও রয়েছে। গুলির সময় শিশুরা প্রাণ বাঁচাতে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

কিছুক্ষণ পর মসজিদ থেকে কয়েক ব্লক দূরে একটি গাড়ির ভেতর ১৭ ও ১৮ বছর বয়সী দুই কিশোরের মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, হামলার পর তারা আত্মহত্যা করেছে।

তদন্তকারীরা গাড়ি ও অস্ত্রে ইসলামবিদ্বেষী লেখা পেয়েছেন। এফবিআই ঘটনাটিকে বিদ্বেষমূলক বা ঘৃণিত হামলা হিসেবে তদন্ত করছে।

মসজিদের ইমাম তাহা হাসান বলেন, ‘আমরা কখনো ভাবিনি আমাদের উপাসনালয়ে এমন ভয়াবহ ঘটনা ঘটবে।’

এই বিভাগের আরও সংবাদ