সরকারি বেতন-ভাতার দাবিতে কালীগঞ্জে মসজিদভিত্তিক শিক্ষক-কর্মচারীদের স্বারকলিপি প্রদান


নিজস্ব প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদানের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান নাহিদের মাধ্যমে এ স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া এ প্রকল্পটি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪১ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী দায়িত্ব পালন করছেন।
শিক্ষকদের দাবি, তারা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন; সমাজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও তারা এখনও স্বল্প বেতন ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।
তাই দ্রুত প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর করে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করার দাবি জানান তারা।
স্বারকলিপি প্রদান শেষে উপজেলা গেটে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান, হাবিবুর রহমান পলাশ, নাজমুল হাসান ও সাকাওয়াত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে ভুক্তভোগী শিক্ষক পরিবারের জীবনে স্থিতিশীলতা ফিরে আসবে।



