সিআরডিপি-২ প্রকল্পে বদলে যাচ্ছে খুলনার বর্জ্য ব্যবস্থাপনা


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনা মহানগরীতে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প (সিআরডিপি-২) এর আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা ওয়াসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এলজিইডির সহযোগিতায় সিআরডিপি-২ প্রকল্পের আওতায় কেসিসির শলুয়া এলাকায় “ল্যান্ডফিল অ্যান্ড রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি” শীর্ষক আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ এবং কুয়েট অ্যাপ্রোচ রোড উন্নয়ন কাজ চলমান রয়েছে।
প্রকল্পের বিভিন্ন অবকাঠামোগত কাজের অগ্রগতির মধ্যে কম্পোস্ট প্লান্টের ৯১ শতাংশ, এমআরএফ ও প্লাস্টিক রিসাইক্লিং প্লান্টের ৯২ শতাংশ এবং গ্যাস বেলুন ভবনের ৯১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া বায়োগ্যাস প্লান্ট ও শেড ভবনের কাজের অগ্রগতি ৬০ শতাংশে পৌঁছেছে।
এদিকে ওয়ার্কশপ, পাম্প রুম, মোটর রুম ও আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের কাজ প্রায় ৭১ শতাংশ এবং সাবস্টেশন ও জেনারেটর রুমের কাজ প্রায় ৮৬ শতাংশ শেষ হয়েছে। পাশাপাশি বাউন্ডারি ওয়াল, ফায়ার হাইড্রান্ট, অভ্যন্তরীণ সড়ক ও ড্রেন নির্মাণ কাজের অগ্রগতিও সন্তোষজনক বলে সভায় উল্লেখ করা হয়। কুয়েট অ্যাপ্রোচ রোড উন্নয়ন কাজের অগ্রগতি বর্তমানে ৬১ শতাংশ।
সভায় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, ইআরডির অতিরিক্ত সচিব এস এম জাকারিয়া হক, প্রকল্প পরিচালক মো. হামিদুল হক, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প এলাকার চলমান উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন।



