খুলনা

বয়রা পুলিশ লাইন্সের নারী পুলিশ সদস্যের মৃত্যুতে কেএমপি’র শোক

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, খুলনা মেট্রোপলিটন পুলিশের বয়রা পুলিশ লাইন্সে কর্মরত নারী পুলিশ সদস্য মোছাঃ কোহিনুর আক্তার (৩১) শনিবার (২ মে) বিকেলে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলার মিঠাইন থানার কালামপুর গ্রামের বাসিন্দা কোহিনুর আক্তার প্রায় ১৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় বাসায় বিশ্রামে ছিলেন। শনিবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী, পুলিশ কনস্টেবল শাওন দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবার মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

মৃতার আত্মীয়-স্বজন খুলনায় পৌঁছানোর পর পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ