“সাংবাদিকদের অধিকার রক্ষায় খুলনা এমইউজেকে আরও শক্তিশালী করতে হবে”


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : মে দিবসের চেতনায় সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা মেট্রোপলিটন ইউনিয়ন অব জার্নালিস্টস্ ( এমইউজে) নেতৃবৃন্দ। তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই দিনে সাংবাদিকদের ন্যায্য দাবি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাও সময়ের দাবি।
মে দিবস উপলক্ষে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলা হয়। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এমইউজের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিয়ার পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব মুন্সি। এছাড়া বক্তব্য দেন সংগঠনের ট্রেজারার এএইচএম শামিমুজ্জামান।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। মে দিবসের শিক্ষা ধারণ করে সাংবাদিক সমাজকে আরও সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান বাবু, সরদার আবু তাহের, ফকির শহিদুল ইসলাম, মোঃ খায়রুল আলম, রাজু আহমেদ ও মাসুদ আল হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।



