খুলনার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২৬ এপ্রিল রবিবার খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার আগত সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরবর্তীতে উপস্থিত সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকবৃন্দ খুলনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।
পুলিশ সুপার সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে, খুলনা জেলার কোনো নাগরিক হয়রানির শিকার হবে না এবং সবার জন্য আইনগত সেবা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত খুলনা গড়ে তুলতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সঠিক তথ্য উপস্থাপন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন— জনাব এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্); জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), খুলনা।



