বাগেরহাটে এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থী-অভিভাবকদের পাশে জেলা ছাত্রদল


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে বাগেরহাটে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে বাগেরহাট জেলা ছাত্রদল। জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুনের উদ্যোগে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উদ্যোগের অংশ হিসেবে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ এবং জরুরি সেবা প্রদান করা হচ্ছে। পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বা কেন্দ্রসংক্রান্ত কোনো সমস্যায় পড়লে অভিভাবকরা ০১৩৩২৪৯৭৭৯৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন। স্বেচ্ছাসেবকরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।
এছাড়া অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পানি ও স্যালাইন সরবরাহ, এবং তথ্য ও নির্দেশনা প্রদানে সহায়তা ডেস্ক স্থাপন করা হয়েছে।
বাগেরহাট জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। পরীক্ষার দিনগুলোতে অনেক শিক্ষার্থী ট্রাফিক জট, অসুস্থতা কিংবা অন্যান্য সমস্যার সম্মুখীন হয় সেই জায়গা থেকেই মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, কোনো শিক্ষার্থী যেন শুধু একটি ছোট সমস্যার কারণে পরীক্ষায় বিঘ্নিত না হয়। তাই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা, নিরাপদ যাতায়াত এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হচ্ছে। এই কার্যক্রম পরীক্ষার পুরো সময়জুড়ে অব্যাহত থাকবে।
বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ সাদেকুল ইসলাম জানান, এ বছর জেলায় মোট ১৮ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১২ হাজার ৫৪ জন, দাখিল পরীক্ষার্থী ৪ হাজার ৪২১ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ৫২৬ জন। জেলার ৫২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।



