খুলনায় ৪০০ টাকার বিরোধে চা দোকানীর খুনী পিবিআই কর্তৃক গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : মাত্র ৪০০ টাকার পাওনা চাওয়াকে কেন্দ্র করে খুলনার রূপসায় চাঞ্চল্যকর চা দোকানদার হত্যা মামলার মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা।
নিহত দ্বীন মোহাম্মদ ঢালী (৪০) রূপসা উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা এবং পেশায় চা ও পান বিক্রেতা ছিলেন। ভবানীপুর স্কুলের পশ্চিম পাশে তার একটি ছোট চায়ের দোকান ছিল। অভিযুক্ত আবুল খায়ের লস্কর (৫৫) একই উপজেলার আনন্দনগর এলাকার বাসিন্দা, পেশায় গরু ব্যবসায়ী ও কসাই।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ ২০২৬ বিকাল আনুমানিক ৪টার দিকে দ্বীন মোহাম্মদের দোকানে গিয়ে আবুল খায়ের তার কাছে মাংস বিক্রয়ের ৪০০ টাকা দাবি করেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আবুল খায়ের তাকে মারধর করে দোকান থেকে টেনে বাইরে এনে রাস্তার পাশে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী ছালমা বেগম বাদী হয়ে ১৮ মার্চ ২০২৬ তারিখে রূপসা থানায় ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই, খুলনা।
পিবিআই জানায়, পলাতক আসামীকে গ্রেফতারের জন্য আধুনিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দীর্ঘ ৩০ দিনের চেষ্টার পর গত ১৬ এপ্রিল গভীর রাতে কোতয়ালী থানার উপশহর এলাকা থেকে আবুল খায়ের লস্করকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার পর নড়াইল জেলার একটি ইটভাটায় কাজ করে আত্মগোপনে থাকার কথা স্বীকার করে। পরে সে যশোরে অবস্থান নেয়। গ্রেফতারের পর সে হত্যার দায় স্বীকার করেছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।



