কুষ্টিয়া

দৌলতপুরে রিফাতপুর ইউপি চেয়ারম্যান পদে ফারুক আলম পান্নার পক্ষে ট্রাইবুনালের রায়

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে পুনর্গণনার মাধ্যমে জয়ী আদালতে জয়ী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফারুক আলম পান্নার পক্ষে ঘোষণা করা রায় বহাল রেখেছেন আদালত।

কুষ্টিয়ার যুগ্ম ও জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাকিয়া সুলতানা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) জাকির হোসেনের সমন্বয়ে গঠিত নির্বাচন আপিল ট্রাইবুনাল আদালতে আজ এই রায় ঘোষণা করা হয়। রায়ে নির্বাচন ট্রাইব্যুনালে এডভোকেট ফারুক আলম পান্নার দায়ের করা মামলায় আদালতে ভোট গণনা শেষে ২১৪ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষনা করে দেওয়া রায় বহাল রাখা হয়। এবং আপিলকারী বর্তমান চেয়ারম্যান রানা বিশ্বাসের আপিল নামঞ্জুর করা হয়। এই রায়ের মাধ্যমে অ্যাডভোকেট ফারুক আলম পান্নাকে চেয়ারম্যান ঘোষনা করে গেজেটের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা প্রদান করে বিজ্ঞ আদালত।

এর আগে ২০২৫ সালের ৬ অক্টোবর কুষ্টিয়া নির্বাচনী ট্রাইব্যুনালের (জ্যেষ্ঠ সহকারী জজ আদালত) ভোট গণনা শেষে অ্যাডভোকেট ফারুক আলম পান্নাকে বিজয়ী ঘোষণা করে রায় দেন বিজ্ঞ আদালত।
নিম্ন আদালতের দেওয়া রায়ের বিপক্ষে আদালতে আপিল করেন দৌলতপুরের ৯ নম্বর রিফাতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রানা বিশ্বাস।

এর আগে, ২০২৪ সালের ৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে মোটরসাইকেল প্রতীকের অ্যাডভোকেট ফারুক আলম পান্না এবং ঘোড়া প্রতীকের আব্দুল মান্নান রানা সমানসংখ্যক ৬ হাজার ১২৩টি করে ভোট পান।

সমান ভোট পাওয়ায় ওই দিন রাত ১টার দিকে তৎকালীন জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ৪১ (৬) মোতাবেক দুজন প্রার্থীর মধ্যে লটারি করেন। লটারিতে ঘোড়া প্রতীকের আবদুল মান্নান বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন।

এ সিদ্ধান্ত মেনে না নিয়ে পরদিন ১০ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে ফারুক আলম পান্না পুনরায় ভোট গণনার দাবি জানান এবং ওই সালের ৮ এপ্রিল আদালতে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলার দীর্ঘ শুনানি শেষে গত ২৪ আগস্ট পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত দেন।

জানা গেছে, সোমবার নির্বাচন ট্রাইব্যুনাল খোলা জায়গায় সবার সামনে ভোট গণনা করে অ্যাডভোকেট পান্নাকে ২১৪ ভোটের ব‍্যবধানে বিজয়ী ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে মোট পাঁচজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অধিকাংশ প্রার্থীরই অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা ছিল, যদিও বর্তমানে তাদের দলীয় কার্যক্রম স্থগিত রয়েছে। ওই সময় মোট ২৫ হাজার ৮৪৬ জন ভোটারের মধ্যে ১৭ হাজার ৮১৩টি ভোট বৈধ হিসেবে গণ্য হয় এবং বাতিল হয় ১১৩টি ভোট।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট ফারুক আলম পান্না বলেন, ‘আমাকে লটারির মাধ্যমে চক্রান্ত করে হারিয়ে দেওয়া হয়েছিল। আমি ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আদালতে মামলার পর ভোট পুনর্গননা হয়। আদালত আমার পক্ষে রায় প্রদান করেন। এই রায়ের বিপক্ষে বর্তমান চেয়ারম্যান রানা বিশ্বাস আপিল করেন। সকল যুক্তি তর্ক তথ্য প্রমাণ বিশ্লেষণ শেষে বিজ্ঞ আদালত নিম্ন আদালতের দেওয়া যায় বহাল রাখেন।

এডভোকেট ফারুক আলম পান্না নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৯ নম্বর রিফাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আমার পক্ষে প্রজ্ঞাপন জারির মাধ্যমে যেন দ্রুত সময়ে আদালতের রায় কার্যকর করা হয়। এসময় সত্যের জয় হয়েছে জানিয়ে বিজ্ঞ আদালতে ন্যায়বিচার পেয়েছেন বলেও তিনি জানান।

আদালতে রেসপন্ডেন্ট বাদী পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন শহিদুল ইসলাম গোলাপ এবং আপিলকারী বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন এডভোকেট মীর সানোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (জিপি) সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন।

এই বিভাগের আরও সংবাদ