পুলিশ পাহারায় কুষ্টিয়ায় নিহত পীরের দাফন সম্পন্ন


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দরবারটির প্রধান কথিত ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামিমের (৬৫) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে ইসলামী শরীয়াহ মোতাবেক জানাজা শেষে তাকে দাফন করা হয়। এরআগে পীর শামিমের ময়নাতদন্ত শেষে বিকেল ৪টায় পুলিশ পাহারায় লাশবাহী অ্যাম্বুলেন্সটি এলাকায় পৌঁছালে তার মরদেহ একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা।
চিকিৎসকরা জানিয়েছে,নিহতের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। মাথা, ঘাড়, পিঠেও গভীর যখমের চিহ্নও রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য- গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত “শামিমের দরবার শরিফে”এঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শনিবার সকালে ‘সত্যের সন্ধানে ফিলিপনগর’ নামে একটি ফেসবুক আইডিতে পীর শামিমের দেয়া একটি ওরশে ধর্ম অবমাননার পুরোনো ভিডিও ছড়িয়ে পড়লে এতেই বিক্ষুব্ধ হন এলাকাবাসি। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দরবারটিতে প্রবেশ করে পীর শামিম সহ তার ভক্তদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর- অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় কয়েকজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) ফয়সাল মাহমুদ জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করে। পরে পুলিশি পাহারায় মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।
প্রসঙ্গত: নিহত পীর শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত,জেসের মাস্টারের ছেলে। এদিকে তথ্যসূত্রে জানা গিয়েছে, এরআগে ২০২১ সালে ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। এলাকায় আসার পর পুনরায় বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপরেই বিক্ষুব্ধ জনতা পীরের আস্তানায় হামলা করে এবং তার উপর আঘাত করায় মৃত্যু হয়।
নাম প্রকাশ না করার শর্তে, এলাকার বেশ কয়েকজন জানান, শামীমের পবিত্র কোরআন অবমাননা করার যে ৩০ সেকেন্ডের ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে, সেটা কয়েক বছর আগের। কিন্তু সেটার বিষয় তদন্ত না করেই একটি শ্রেণীর মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরে এলাকার কিছু মানুষ একত্রিত জড়ো হোন এবং শনিবার দুপুরের দিকে পীরের আস্তানায় হামলা চালায়।
এ ঘটনায় গতকাল শনিবার গণসংহতি আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, উদীচী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সুফি সমাজকেন্দ্রিক গবেষণাপ্রতিষ্ঠান ‘মাকাম’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক বিবৃতি দেয়। বিবৃতিতে তারা পীর শামীম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
এদিকে ঘটনার বিষয়টি দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, নিহত শামীমের দাফন সম্পন্ন হয়েছে। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



