কুষ্টিয়া জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) প্রমূখ। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, সম্প্রতি কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায় পীরের আস্তানায় হামলা, ভাঙচুরসহ একজন পীরের নির্মম হত্যাকাণ্ড আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। কেউ দোষী হলে তাকে আইনের আওতায় আনতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়া কোন সমাধান নয়। এটি আমাদের সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর সরাসরি আঘাত। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ করছে। আমি আশা করি, খুব শিগগিরই আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব।
তিনি আরো বলেন, আমাদের সবার সম্মিলিত দায়িত্ব হলো, এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করা। এ জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি, যেকোনো গুজব বা অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ করছি, কারণ গুজব অনেক সময় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ কুষ্টিয়া গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
এছাড়া সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জেলার দৌলতপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই আমরা একটি বিশেষ তদন্ত টিম গঠন করেছি। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, অচিরেই আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।
তিনি আরো বলেন, কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থাকে। আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করছি যাতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।



