খুলনা

খুলনার রূপসায় বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর: স্বামী আহত

খুলনা ব্যুরো : খুলনা জেলার রূপসা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিলি কুন্ডু (৪৯) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী অমর কুন্ডু আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার নৈহাটি ইউনিয়নের আহমদাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিলি কুন্ডু বটিয়াঘাটা উপজেলার গোরম্বা গ্রামের বাসিন্দা। তবে তিনি স্বামীর সঙ্গে বাগেরহাটের রামপাল উপজেলার ইউএনও অফিসের পেছনে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার(৩ এপ্রিল) বাংলাদেশ আই হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লিলি কুন্ডু। পথে আহমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, ঘটনার পর বাসচালক সাগর (২৬)কে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ