বাগেরহাট

সুন্দরবনে পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই বনদস্যু আটক, ৩ জেলে উদ্ধার

সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই বনদস্যুকে আটক এবং বনদস্যু জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ৩ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোন’র কর্মকর্তা লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এ তথ্য জানান।

লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ জানান, সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী সুন্দরবন সংলগ্ন দাকোপের বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল বনদস্যুদের ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা ও নগদ ১,১০০ টাকাসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্যকে আটক করে তাদের আস্তানা ধ্বংস করা হয়।

আটককৃত ডাকাত মোঃ সোহাগ হাওলাদার (৩৫) বাগেরহাটের শরণখোলা এবং বাবুল সানা (৪২) খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। উভয়ে দীর্ঘদিন যাবৎ ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল।

অপরদিকে,সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানাধীন হোগলডরা সংলগ্ন এলাকা খালে ১টি নৌকাসহ ৩ জন জেলেকে জিম্মি করে মুক্তিপন দাবি করছে। গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৩১ মার্চ) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ওই এলাকায় বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন হলদেবুনিয়া এবং স্টেশন কৈখালী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে বনদস্যুর কবলে জিম্মি থাকা ১টি নৌকাসহ ৩ জন জেলে ও বনদস্যুদের ব্যবহৃত ১টি নৌকা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি ও ১টি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫) সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা। আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ