খুলনা

খুলনার রায়েরমহলে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর রায়েরমহল এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাহাদী মোহাম্মদ তাহেরী (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হরিণটানা থানার বাঙাল বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহাদী মোটরসাইকেলে করে উক্ত এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। একই সঙ্গে একটি ভ্যানও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মাহাদী মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহাদী সাতক্ষীরা জেলার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রহিম।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ