খুলনার দৌলতপুরে পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন কেসিসি প্রশাসক


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহতা মোকাবিলায় দেশব্যাপী গৃহীত “প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস” কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর নির্দেশনায় পরিচালিত এই কর্মসূচিতে দৌলতপুর ৬ নং ওয়ার্ডে সরাসরি অংশগ্রহণ করেন সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
শনিবার অনুষ্ঠিত এই কার্যক্রমে প্রশাসক নিজেই মাঠে নেমে এলাকাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা পালন করেন। এ সময় ড্রেন পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে জনসচেতনতা এবং সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।” তিনি এলাকাবাসীকে নিয়মিত আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান।
এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়, যাতে তারা নিজেরাই মশা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারেন। উপস্থিত সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
সার্বিকভাবে, এই পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে একটি কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে ইতিবাচক সাড়া ফেলেছে স্থানীয় জনগণের মাঝে।



