খুলনা

পাম্পে তেল নেই, রাতের আঁধারে ড্রামে বিক্রির অভিযোগ

খুলনা ব্যুরো : খুলনা নগরীর ফিলিং স্টেশনগুলোতে যখন মোটরযানে তেল মিলছে না, তখনই রাতের আঁধারে ড্রামভর্তি তেল খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বন্ধ হয়ে যাওয়া পাম্প থেকে গোপনে তেল বের করে তা ভ্যান ও ইজিবাইকে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে বেশি দামে বিক্রি করা হচ্ছে।

এমন অভিযোগ উঠেছে নগরের প্রাণকেন্দ্র পাওয়ার হাউস মোড়ে অবস্থিত মেসার্স কেসিসি পেট্রোলিয়াম পাম্পকে ঘিরে। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের বেলায় পাম্পে তেল নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হলেও রাতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে গত কয়েকদিন ধরে খুলনাসহ সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক মোটরসাইকেল চালক খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে গণপরিবহনসহ সাধারণ যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে সরকার রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ শুরু করেছে। কিন্তু প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহনের চাপের মুখে অল্প সময়েই পাম্পগুলোতে তেল শেষ হয়ে যাচ্ছে। এরপর ‘তেল নেই’ জানিয়ে সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে—এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের।

তবে এরই মধ্যে রাতের বেলায় ড্রামে তেল বিক্রির বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও সংবাদ