খুলনায় আইসক্রিমের প্রলোভনে অপহরণ ; ১২ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার


খুলনা ব্যুরো : খুলনায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর সাড়ে ৪ বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ মার্চ সোমবার রাত ২টার দিকে খুলনা নগরীর হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নগরীর লবনচরা থানাধীন রায়পাড়া এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে জান্নাতুল মাওয়া দুপুরে পরিবারের সঙ্গে দাওয়াতে গেলে পরিচিত এক ব্যক্তি তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নেয়। এরপর থেকে শিশুটি নিখোঁজ হয়।
পরিবারের অভিযোগ, উক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে শিশুটি আইসক্রিম খাচ্ছে বলে জানান, পরে তার ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাতে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
লবনচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান জানান, মরদেহের পাশে একটি দড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত মিলেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।



